ঝড় উঠেছে। ভীষন ঝড়।
আচমকা, কাউকে কিছু
জানান না দিয়েই এসেছে।
ধর্মান্ধতা, বৈষম্য, অরাজকতা,
গুন্ডামি, সব উড়িয়ে নিয়ে যাচ্ছে
এক প্রান্ত থেকে আরেক প্রান্তে,
আছাড় মারছে মহাসাগরে।
অবাক হয়ে সমস্ত মানুষ দেখছে যে
যারা এতদিন ধর্মান্ধতার কর্ণধার ছিল,
বৈষম্যের পাহারাদার ছিল, অরাজকতা
আর গুন্ডামি-র নাবিক ছিল, তারাও
স্বস্তি পেয়েছে।
ঝড়ের মধ্যে তো কথা শোনা যায় না
তাই সবাই নির্দ্বিধায়, অকপটে নির্ভয়ে
চিৎকার করে বলছে ,
'আমরা মুক্তি পেয়েছি, ঝড় আমরা
মুক্তি পেয়েছি। যারা আমাদের এসব
ভূমিকায় বেঁধে রেখেছিল তারাও
মুক্তি পেয়েছে।'
সমাজের যত কলঙ্ক এক ঝাপটায়
ঝড় সব পরিষ্কার করে দিল।
No comments:
Post a Comment